যুক্তরাষ্ট্রের মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগানের উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ারেন সিটির হলমিচ পার্কে আয়োজিত এ বনভোজনে মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে রাজনগর উপজেলার প্রবাসী ও বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজন প্রবাসী রাজনগরবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মিজান খান। সার্বিক পরিচালনায় ছিলেন জয়ানাল আবদ্বীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনেসোটা থেকে আগত বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ।
বনভোজন উপলক্ষে খেলাধুলা, র্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ এবং শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা পর্বে বক্তারা দেশ ও প্রবাসে রাজনগরবাসীর সুখ-দুঃখে একসঙ্গে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে বিভিন্ন খেলাধুলা ও র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



