সুনামগঞ্জের ছাতক পৌর শহরের চরেরবন্দ মহল্লায় বাড়ি ফেরার পথে মো. রহিম উদ্দিন নামে এক বালু ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরুল হাসান আঙ্গুর ও আলীরাজ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে রহিম উদ্দিনের ওপর কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এতে তাঁর মাথা, মুখ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করেন।
ঘটনার খবর পেয়ে ছাতক থানার এস আই সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কবিরুল হাসান আঙ্গুরও আলীরাজকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুল ঘটনাকারি দুইজনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে



