সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছি: বাণিজ্যমন্ত্রী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছি: বাণিজ্যমন্ত্রী

সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘সিলেটের উন্নয়নের জন্য আমরা অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছি। এর মধ্যে তোমাদের জন্য আকর্ষণীয় একটি প্রকল্প হলো এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ।’

 

তিনি বলেন, হাইটেক পার্ক অথবা উপযুক্ত কোনো স্থানে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা আগামী এক-দুই সপ্তাহের মধ্যে সিলেট সফর করবেন।

 

তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে বহু ফ্রিল্যান্সার রয়েছেন। সিলেটেও আছেন। কেউ ৫০০ ডলার, কেউ ২ হাজার ডলার আয় করেন। এমন ফ্রিল্যান্সারও রয়েছেন, যারা মাসে ৫০ থেকে ৬০ হাজার ডলার আয় করেন। এ সম্ভাবনাকে আরো ছড়িয়ে দিতে হবে।

 

তিনি বলেন, ‘যাদের মধ্যে মেধা ও সুপ্ত সম্ভাবনা আছে, তারা এসব বিষয়ে জেনে ও শিখে নিজেরাও আর্থিকভাবে লাভবান হতে পারে এবং জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রসর মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’

 

দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যেসব দেশ উন্নতি করেছে, তারা গবেষণার ক্ষেত্রে কাজ করেছে, নতুন উদ্ভাবনের ক্ষেত্রে বিনিয়োগ করেছে এবং শিক্ষায় বিনিয়োগ করেছে। যেকোনো দেশের উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণা শুধু মানবসম্পদ তৈরি করে না, দেশের উন্নতির ক্ষেত্রেও কাজ করে।’

 

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘যারা ভালো ফলাফল করেছো, তাদের সবাইকে অভিনন্দন। তোমাদের অভিভাবকদেরও অভিনন্দন।’

 

মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘তোমাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরাও যেন সঠিক লাইনে চলে, তার জন্য তোমরা নিজেদের অনুপ্রেরণা হিসেবে তৈরি রাখো।’

 

সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম প্রমুখ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০