এআই দিয়ে তৈরী। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রাখতে সমুদ্র মাইন ফেলে ইরান। প্রণালিটিতে ফেলা এসব মাইন শনাক্ত ও অপসারণে ‘সি-রোবট’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৯ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, মাইন অপসারণ অভিযানে মানব চালিত ও মানববিহীন উভয় সক্ষমতার সমন্বয় ঘটানো হচ্ছে। এসব রোবট পানির নিচে থাকা মাইন শনাক্ত করতে পারে এবং প্রয়োজন হলে সেগুলো ধ্বংসেও ব্যবহৃত হবে।

সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে অল্প সময়ের মধ্যেই প্রণালিতে মাইন শনাক্ত করা সম্ভব হচ্ছে। প্রাথমিকভাবে সি-রোবট দিয়ে মাইন চিহ্নিত করা হবে। এরপর বিশেষায়িত রোবট পাঠিয়ে সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করা হবে।

মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডনেগান বলেন, সি-রোবট ব্যবহার করে কয়েক সপ্তাহ নয়, কয়েক দিনের মধ্যেই একটি ছোট চ্যানেলের জরিপ করা সম্ভব।

বিশ্লেষকদের মতে, ইরান ও পশ্চিমা বিশ্বের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরান এই জলপথ বন্ধ করে দেয়। ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল।

শুক্রবার লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনই হরমুজ প্রণালি খুলে দেয় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই ঘোষণা দেন। খোলার একদিন পরেই ফের বন্ধ করে দেয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *