নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে হারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন শরিফুল ইসলাম। তবে ম্যাচটিতে আসলে খেলার কথাই ছিল না এই বাঁহাতি পেসারের।

রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে শরিফুল জানান, ম্যাচ শুরুর একেবারে শেষ মুহূর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

মূলত আরেক পেসার মোস্তাফিজুর রহমান ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় হঠাৎ করেই একাদশে পরিবর্তন আনতে হয়। সেই সুযোগেই মাঠে নামেন শরিফুল।

হঠাৎ একাদশে সুযোগ পাওয়া এবং তখনকার মানসিক প্রস্তুতি নিয়ে জানতে চাওয়া হলে শরিফুল বলেন, ‘টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলা হলো যে, আমি খেলব। রিশাদ (হোসেন) তখন বলল, ‘‘হয়তো তোমার রিজিকে আছে।’’ আমি ওভাবেই প্রস্তুতি নিয়েছি, তারপর রান-আপ মেপেছি, ওয়ার্ম-আপ বোলিং করেছি। কাজেই আলহামদুলিল্লাহ… আল্লাহ রিজিকে রেখেছিল, তার জন্য আর কী…।’

শরিফুল আরোও বলেন, ‘সুযোগ যেভাবেই আসুক, পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় প্রস্তুত থাকতে হয়। আমরা যারা স্কোয়াডে আছি, সবাই রেডি থাকি। কোচিং স্টাফ যাকে সুযোগ দেবে, সে খেলবে। এটা আমাদের হাতে নেই।’

উইকেট প্রসঙ্গে শরিফুল বলেন, ‘মিরপুরের উইকেট প্রত্যাশার তুলনায় ভিন্ন আচরণ করেছে। আমরা যেমনটা আশা করেছিলাম, উইকেট একটু ডিফারেন্ট ছিল। তবে যেরকমই হোক, আমাদের মানিয়ে নিতে হবে।’

ম্যাচে ২.৭০ ইকোনমিতে ২ উইকেট নিয়ে দলের অন্যতম সফল বোলার ছিলেন শরিফুল। তবে দল হারায় কিছুটা হতাশাও প্রকাশ করেন তিনি। বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটা বোলিং করেছি, তবে দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি। সেক্ষেত্রে অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে।’

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, মোস্তাফিজ এখন ভালো বোধ করছেন এবং তার কোনো শারীরিক অস্বস্তি নেই। ফলে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করা সত্ত্বেও মোস্তাফিজ ফিট হয়ে গেলে শরিফুলকে একাদশের বাইরে চলে যেতে হতে পারে। তবে দলের স্বার্থে যে কোনো সিদ্ধান্তের জন্য মানসিকভাবে প্রস্তুত এই পেসার।

আগামীকাল একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে একাদশে সুযোগ পাওয়া-না পাওয়া নিয়ে শরিফুল বলেন, ‘সবশেষ ওয়ানডে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে (২০২৪ সালের ডিসেম্বরে)… তারপর একটা বিরতি ছিল। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের বাইরে ছিলাম। তবে আমি সব সময় বেসিক কাজগুলা করার চেষ্টা করি আর সুযোগ এলে ভালো করার চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করেছি। সুযোগটা যখন এসেছে, ভালো করার চেষ্টা করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *