এক ভিটা থেকে তিন রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রীর সফরে বাগবাড়ীতে উচ্ছ্বাস

এক ভিটা থেকে তিন রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রীর সফরে বাগবাড়ীতে উচ্ছ্বাস

বগুড়া-গাবতলী সড়ক ধরে বাগবাড়ীর দিকে এগোতেই বোঝা যাচ্ছিলো, এটি কোনো সাধারণ দিনের দৃশ্য নয়। রাস্তার দুই পাশে মানুষের ভিড়, হাতে মোবাইল ফোন, কারও চোখে কৌতূহল, কারও চোখে আবেগ। স্থানীয়দের ভাষায়, ‘আজ আমাদের গ্রামের ইতিহাসের দিন।’

কারণ বাংলাদেশের রাজনীতিতে বিরল এক অধ্যায়ের সাক্ষী বগুড়ার গাবতলী উপজেলার এই বাগবাড়ী। একই ভিটা থেকে উঠে এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার উত্তরসূরি হিসেবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আর এবার সেই পরিবারেরই সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার পা রাখলেন নিজ পৈতৃক এলাকায়।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সড়কপথে বাগবাড়ীতে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে স্থানীয়দের। সকাল থেকেই গাবতলী, নশিপুর, কচুয়া, হাটবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হতে থাকেন। কেউ শুধু দেখতে এসেছেন, কেউ শুভেচ্ছা জানাতে, কেউ আবার স্মৃতির টানে।

জিয়াবাড়িতে আবেগঘন দৃশ্য

স্ত্রী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে নিজের পৈতৃক ভিটায় ঢোকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে যেন হারানো স্মৃতি দেখতে পান। সেই বাড়ি, সেই দেওয়াল, সেই উঠান। অনেকটা আবেগপ্রবণ হয়ে যান তিনি। বাড়ির বিভিন্ন ঘর ঘুরে দেখার সময় স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় বাইরের কাউকেই সেখানে নিরাপত্তাজনিত কারণে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে তিনি বাড়িতে প্রবেশের পরপরই জিয়াবাড়ির পক্ষে ওই পরিবারের নিকটজন আশিকুর রহমান সুজন তাদের স্বাগত জানান।