
বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত ফ্যাসিবাদের পথ অনুসরণ শুরু করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের এমপিরা সবাই জুলাই যোদ্ধাদের কথা বলেন, শহীদদের স্মরণ করেন। কিন্তু বাস্তবে আমরা সরকারি দল থেকে উল্টোটা দেখতে পাই। দুইটা ভোট একসঙ্গে হলো একটা পক্ষে গেলে মেনে নিলেন, আরেকটি নিলেন না। নির্বাচনে ৫১ শতাংশ ভোটের ফল সরকার মেনে নিলেও গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটকে তারা অগ্রাহ্য করছে। এটা লজ্জার, এটা দুঃখের। তিনি বলেন, যেদিন ওই ৭০ শতাংশ গণমানুষের রায় বাস্তবায়ন হবে, সেদিনই বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ বিদায় নেবে।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত ফ্যাসিবাদের পথ অনুসরণ শুরু করেছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি বিরোধিতা করছে, যা জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই না হলে আজকে আপনারা ক্ষমতার স্বাদ পেতেন না। শহীদ পরিবারের দুঃখ আপনাদের স্পর্শ করেনি। আহত ও পঙ্গুদের জন্য আপনাদের কোনো কার্যকর উদ্যোগ জাতি দেখেনি।
তিনি বলেন, আমরা কারো ন্যায্য অবদান অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু জুলাই আন্দোলনের নায়করা আমাদের তরি ঘাটে ভিড়িয়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। জামায়াত আমির জুলাই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অবদানকে যথাযথ মর্যাদা দেয়ার আহ্বান জানান।