
দেশের সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এরপর একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও চলবে ভোট গ্রহণ। দুই দিনব্যাপী এ নির্বাচনে ২১ হাজার ৭৩১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উত্তেজনা। নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামীপন্থি আইনজীবীদের প্যানেল। তবে দুই দশকের পুরনো মিত্র বিএনপি-জামায়াত জোট ভেঙে প্রথমবারের মতো তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি জানিয়েছেন ভোটাররা। তবে শঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। তাদের দাবি- নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, গত বছরের ৫ই আগস্টের পরে সব জায়গায় নির্বাচনে হলেও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন হয়নি। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, এবারের নির্বাচন শতভাগ স্বচ্ছ হবে। ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই নির্বাচনে ভোট দিতে পারবেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত-এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ ২৩টি পদে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে লড়াই করছেন। দুই প্যানেলে মোট ৪৬ জন প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র হিসেবে আরও ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।