মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা সিসিক প্রশাসকের

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আজ মঙ্গলবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন। মাদক নির্মূলে কঠোর অবস্থান ঘোষণা থেকে শুরু করে উন্নয়ন কাজ এবং মানবিক সৌজন্যে তাঁর উপস্থিতি ছিল লক্ষণীয়।

আজ নগর ভবনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো: মজিবুর রহমান পাটওয়ারী ও জেলা উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা নগর এলাকায় মাদক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন “মাদক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এলাকায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী- কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা চাই একটি সুস্থ ও সুন্দর সমাজ। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কঠোর অভিযানের মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব। তিনি নগরবাসীকে একযোগে মাদককে ‘না’ বলার আহ্বান জানান।

আজ সিসিক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রশাসক বরাবর প্রদান করেন। আব্দুল কাইয়ুম চৌধুরী তাঁদের দাবিগুলো ধৈর্য সহকারে শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এছাড়া, দরগাহ-এ-হযরত শাহজালাল (রঃ) মাজার কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে মাজারের রান্নাঘরের বর্জ্য নিষ্কাশনের জন্য একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা কাঠামো নির্মাণ করে দিয়েছেন প্রশাসক। আজ সেটি পরিদর্শন ও উদ্বোধন শেষে তিনি একটি সামাজিক অনুষ্ঠানেও অংশ নেন।

এর আগে গতকাল সোমবার রাতে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মরহুম একরাম হোসেনের বাড়িতে যান। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং গভীর সমবেদনা জানান। পরে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪