
সিলেটের বিশ্বনাথে উপজেলাবাসীর র্দীর্ঘদিনের প্রাণের দাবি একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার। অবশেষে সেই দাবি পূরণ হতে যাচ্ছে। শিগগিরই বিশ্বনাথে নির্মিত হচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মিরেরচর এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য প্রবাসীদের দেয়া জায়গায় পরিদর্শনকালে স্থানীয় এমপি তাহসিনা রুশদীর এ বিষয়টি নিশ্চিত করেন।
এসময় এমপি তাহসিনা রুশদীর স্থানীয় জনতার উদ্দ্যেশে বলেন, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছে। অতি শীঘ্রই বিশ্বনাথ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে।
কলেজ প্রতিষ্ঠায় স্থানীয় প্রবাসীদের ভুমি দানের ব্যাপারে প্রবাসীদের অভিনন্দন জানিয়ে এমপি আরও বলেন, প্রবাসীরা মিলে স্কুল এন্ড কলেজের জায়গা দান করেছেন বিধায় কলেজ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে, তাই এটি এখন দৃশ্যমান উন্নয়ন । এটা অনেক দিনের একটি চলমান প্রক্রিয়া এবং জনদাবী ছিল। বিগত ৫ আগস্টের পরে এই জমি টেকনিক্যাল কলেজের ডিজির উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে। আমি তাহাকে দ্রুত কাজ বাস্তবায়ন করার অনুরোধ করেছি। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশাবাদী দ্রুত সময়ের মধ্যে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণকাজ শুরু হবে। বিশ্বনাথ উপজেলার মানুষের জন্য ও তাদের সন্তানের জন্য এটি একটি মাইনফলক। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের মানুষ যদি ট্রেনিং সম্পন্ন করে বিদেশ যায় তাহলে ভালো সুবিদা পাবে এবং কোর্স সম্পন্ন করে যারা দেশে থাকবে তাদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।