
বিশ্বের অন্যান্য শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কয়েকদিন বৃষ্টি থাকায় দূষণ কিছুটা কমলেও ঢাকার বাতাস সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার পরও আজ ঢাকায় দূষণ সবচেয়ে বেশি।
আজ সোমবার (১১ মে) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায় এ চিত্র দেখা যায়। সংস্থাটির সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, আজ ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৯৫, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আর তালিকায় ঢাকার অবস্থান প্রথম।
রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর থেকে সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ২৪১, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
র্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে— আগারগাঁওয়ের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বারিধারা পার্ক রোড, ধানমন্ডি, গুলশান লেক পার্ক, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, উত্তর বাড্ডা, দক্ষিণ পল্লবী, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও গোড়ান।
আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো— ভারতের দিল্লি (১৫৬, সবার জন্য অস্বাস্থ্যকর), ভিয়েতনামের হ্যানয় (১৫৩, সবার জন্য অস্বাস্থ্যকর), চীনের চেংদু (১৪৭, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর) এবং উজবেকিস্তানের তাসখন্দ(১৩৫, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর)।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।