প্রতি বছর ঈদুল আজহায় বাহারি নামের অনেক গরু মহিষ নজর কাড়ে ক্রেতাদের। উৎসুক মানুষের আলোচনায় থাকে এসব গরু। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জে একটি অ্যাগ্রো ফার্মে একটি মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ইতিমধ্যে এক ক্রেতা মহিষটি কেনার জন্য বুকিংও দিয়েছেন। যে কারণে ‘ট্রাম্পকে’ কিনতে না পেরে হতাশ অনেকে।

শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মহিষটির ওজন ৭০০ কেজির বেশি। ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটা এলভিনো জাতের মহিষ। গায়ের গোলাপি রঙ এবং সামনের দিকে স্টাইলিশ চুলের কারণে আদর করে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের কর্মচারীরা জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নাম ছড়িয়ে পড়লে অনেকেই দেখতে আসেন। অনেকে কিনতেও চেয়েছিলেন। তবে এটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। মহিষটি দেশীয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে।

উল্লেখ্য, বাংলাদেশে বিশেষ করে ঈদুল আজহার সময় খামারিরা কোরবানির গরু-মহিষের নাম রাখেন। সাধারণত কোনো একটি খামারের সবচেয়ে আকর্ষণীয় এবং বড় গরুর নামকরণ করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *