
প্রতিবছরের ন্যায় এবারও সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ১৯তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ পালিত হয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বিশ্বজুড়ে পালিত এই দিবসটি উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকবর্তিকা মানব কল্যাণ সংস্থা’।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সংস্থার সাধারণ সম্পাদক মোছাম্মদ রাবেয়া বেগমের নেতৃত্বে একটি র্যালি সিলেট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বাগবাড়িস্থ সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সালেহা বেগমের সভাপতিত্বে এবং রেফা বেগমের পরিচালনায় সভায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও সামাজিক সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কেবল অটিজম নয়, বরং বিশেষভাবে সক্ষম সকল ব্যক্তির উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের বিভিন্ন জেলায় শারীরিক, শ্রবণ, দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ চলছে।
আলোচনা সভায় বক্তারা জোর দিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কেবল শিক্ষিত নয়, বরং সক্ষম ও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে—সেজন্য সমাজকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পেশাগত দক্ষতা ও দৈনন্দিন জীবনযাপন দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। তবে এই জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতে সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সদস্য লিপি বেগম, ফাহিমিদা আক্তার, রুলি বেগম, সানজিদা আক্তার, সুমা আক্তার, রায়না বেগম, হোসনা বেগম, জেসমিন বেগম, রুমা বেগম ও রেফা বেগম প্রমুখ।