
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
জানা গেছে, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন মির্জা আব্বাস। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন। বর্তমানে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। প্রতিদিন চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং তার উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে মির্জা আব্বাস প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরা করছেন। এ সময় মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন।
এদিকে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।