
সমালোচনার মুখে ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাটকোর সম্মানিত সব সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৭ই মে সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।’
এর আগে, টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করে অ্যাটকোর একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। যেখানে কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই বিভিন্ন সাংবাদিক সংগঠন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়।