`ভুল’ করলে বিলীন হবে ভারত

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক সামরিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যেতে পারে। এমনকি ভারত ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী’র সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ -এর জনপ্রিয় অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’-এ এসব মন্তব্য করেন খাজা আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১৯ দিনের সামরিক উত্তেজনা ও সংঘাতে ভারত কৌশলগতভাবে চাপে পড়ে। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবং অভ্যন্তরীণভাবে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতেই ভারতের সেনাপ্রধান কঠোর বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

খাজা আসিফ বলেন, ভারতের সামরিক তৎপরতার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পাল্টা অভিযান চালায়। পাকিস্তানের দাবি অনুযায়ী, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয় এবং অন্তত আটটি যুদ্ধবিমান— যার মধ্যে ফরাসি নির্মিত রাফালও ছিল— ভূপাতিত করা হয়। পাশাপাশি কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে ইসলামাবাদ। তবে এসব দাবি এখনো স্বাধীন বা আন্তর্জাতিক কোনো সূত্রে যাচাই হয়নি।

তিনি আরও জানান, প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সীমান্ত পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেও ইঙ্গিত দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

আঞ্চলিক কূটনীতি নিয়েও বক্তব্য দেন খাজা আসিফ। তার দাবি, সাম্প্রতিক সংঘাতের জেরে আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন “বিব্রতকর অবস্থার” মুখোমুখি। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ঐতিহ্যগত প্রভাবও দুর্বল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে পাকিস্তান এই অঞ্চলে নিজেদের “সম্মানজনক অবস্থান” আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ভারত-ইসরাইল সম্পর্কের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, এই অঞ্চলে ভারতের চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্রের উত্থান ইসরাইল চায় না। তার মতে, দুই দেশের কৌশলগত স্বার্থ ও আঞ্চলিক লক্ষ্য একে অপরের সঙ্গে মিল রেখেই এগোচ্ছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা, কাশ্মীর ইস্যু এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮