
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে আরও প্রাণবন্ত করতে আগামী ২৯ ও ৩০ মে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা সাহিত্য উৎসব ২০২৬’।
এ উপলক্ষ্যে গত ৭ মে প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক অনুষ্ঠান ‘টক অব দ্য উইক’-এ উৎসবের নানা দিক তুলে ধরেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবিতা দিলওয়ার এবং আনোয়ার ইকবাল। তাঁরা জানান, এবারের আয়োজন গত বছরের তুলনায় আরও বড় পরিসরে এবং বৈচিত্র্যময়ভাবে অনুষ্ঠিত হবে।
কবিতা দিলওয়ার বলেন, গত বছরের প্রথম বইমেলার অভিজ্ঞতা এবার আরও সমৃদ্ধভাবে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, “সময় স্বল্পতার মধ্যেও আমরা গতবার সফলভাবে আয়োজন করতে পেরেছিলাম। এবার দীর্ঘ প্রস্তুতির কারণে লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক, সাংবাদিক এবং দর্শকের অংশগ্রহণ আরও বেশি হবে বলে আশা করছি।”
আনোয়ার ইকবাল জানান, উৎসবের স্থান নির্বাচন করা হয়েছে অংশগ্রহণকারীদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে। তিনি বলেন, এটি শুধু একটি বইমেলা নয়, বরং একটি সাংস্কৃতিক উৎসব, যেখানে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে যুক্ত করাই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “আমাদের সন্তানরা মূলত ইংরেজি পরিবেশে বড় হচ্ছে। তাই ঘর থেকেই বাংলা ভাষার চর্চা শুরু করতে হবে, যাতে তারা নিজেদের শেকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারে।”
কবিতা দিলওয়ার জানান, এবারের উৎসবে প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের লেখকরাও অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে কেউ বাংলা সাহিত্য ইংরেজিতে অনুবাদ করেছেন, আবার কেউ ইংরেজিতে কবিতা লিখলেও তাদের লেখার বিষয়বস্তু বাংলাদেশকে কেন্দ্র করে—ইতিহাস, সংস্কৃতি, যুদ্ধ ও বীরাঙ্গনার গল্প।
উৎসবে বাংলাদেশ ও নিউইয়র্ক থেকে একাধিক নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি বাংলাদেশ থেকে আগত থাকবেন খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন।
উৎসবের প্রথম দিনে থাকবে লেখক, কবি, সাহিত্যিক ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় পর্ব। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান।
শেষে আয়োজকেরা সবাইকে ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত বাংলা সাহিত্য উৎসব ২০২৬-এ অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফরিদা ইয়াসমীন এবং পরিচালনা করেন এইচ বি রিতা।