নিউইয়র্কে বাংলাদেশিদের রিয়েল এস্টেট এক্সপো

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বাড়ি কেনা, রিয়েল এস্টেট বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউ.এস. বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ৩য় ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৬।

শনিবার (১৬ মে) নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে আয়োজিত দিনব্যাপী এ এক্সপোতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিপুল সাড়া লক্ষ্য করা যায়। রিয়েল এস্টেট পেশাজীবী, বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রথমবারের বাড়ি ক্রেতা, কমিউনিটি নেতা এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

রিয়েল এস্টেট, মর্টগেজ, অর্থায়ন, আইন, ব্যাংকিং, বিনিয়োগ, কর, বীমা এবং প্রযুক্তি খাতের শতাধিক পেশাজীবীর অংশগ্রহণে এক্সপোটি জ্ঞান বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসবিসিসিআই-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিটন আহমেদ, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স-এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জ্যাফে, টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএ-এর সভাপতি আলী কোচাক, লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলটরসের সভাপতি শান খানসহ ব্যবসা ও রিয়েল এস্টেট খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী বক্তব্যে মো. লিটন আহমেদ বলেন, এই এক্সপো প্রমাণ করেছে যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি রিয়েল এস্টেট, বিনিয়োগ এবং ব্যবসায়িক উন্নয়নের ক্ষেত্রে ক্রমেই আরও সচেতন ও আগ্রহী হয়ে উঠছে। ইউএসবিসিসিআই সবসময় কমিউনিটির অর্থনৈতিক ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এটি শুধু একটি ব্যবসায়িক আয়োজন নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গঠন, বিনিয়োগ জ্ঞান বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।

এক্সপোতে বর্তমান রিয়েল এস্টেট বাজার নিয়ে একাধিক তথ্যবহুল আলোচনা অনুষ্ঠিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সুদের হার, বাজারের প্রবণতা, শরিয়াহসম্মত গৃহঋণ, সম্পদ পরিকল্পনা, প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য করণীয়, সম্ভাবনাময় বিনিয়োগ এলাকা, নতুন নির্মাণ, বেসমেন্ট বৈধকরণ, ফিক্স অ্যান্ড ফ্লিপ প্রকল্প এবং কর সাশ্রয়ের কৌশল নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন।

প্যানেল আলোচনায় অংশ নেন শাহেদ ইসলাম, মোহাম্মদ জামান, তারিক খান, আমব্রিন ফারুকী, মাইকেল লাগুডিস, মাইকেল ফং, কেভিন লেদারম্যান, আজাদুল ইসলাম, ওসমান মালিক, সামি কবির, আদিল সাদিক, আমিনা রাশাদ, ফাহিম হোসেন, পিটার কারলিন, মোহাম্মদ রহমান শাহীন, সরদার এম. আসাদুল্লাহ, শান খান, আইস্টন পেরেজ, এমরান ভূঁইয়া, ইসমাইল আহমেদ, আহাদ আলী সিপিএ, দিলারা হোসেন, মাইকেল ন্যাকমিয়াস, তারিক বেইলি এবং মোহাম্মদ মুজুমদারসহ বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা।

দর্শনার্থীরা সরাসরি রিয়েল এস্টেট এজেন্ট, মর্টগেজ ব্রোকার, আইনজীবী, হিসাবরক্ষক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীমা বিশেষজ্ঞ, ডেভেলপার ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পরামর্শ গ্রহণের সুযোগ পান। ফলে নতুন ব্যবসায়িক সম্পর্ক ও সম্ভাবনাময় যোগাযোগের ক্ষেত্র তৈরি হয়।

অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে নাশতা, পেশাদার আলোকচিত্র, গাড়ি পার্কিং, মধ্যাহ্নভোজ এবং প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।

টিম ফাহিম অ্যান্ড কারলিন – গো রাস্কাল মর্টগেজ ব্রোকারসের উপস্থাপনায় এবং ইউএসবিসিসিআই-এর আয়োজনে অনুষ্ঠিত এ এক্সপোতে সহযোগিতা করে লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলটরস। ডেইলি নিউজ মিডিয়া গ্রুপ ছিল গণমাধ্যম সহযোগী এবং ইউএসবিডি ডিজিটাল সলিউশনস ছিল প্রযুক্তি সহযোগী।

এদিকে, এক্সপোতে ইউএসবিসিসিআই-এর সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রথমটি গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স এবং দ্বিতীয়টি টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএ-এর সঙ্গে স্বাক্ষরিত হয়।

ইউএসবিসিসিআই-এর পক্ষে মো. লিটন আহমেদ, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স-এর পক্ষে মার্ক জ্যাফে এবং টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএ-এর পক্ষে আলী কোচাক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা, বিনিয়োগের সুযোগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ইউএসবিসিসিআই জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক উন্নয়ন, বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতেও তারা আরও বৃহৎ ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮