নতুন ইতিহাস

‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ তালিকায় শাবিপ্রবির মারজানা

‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ তালিকায় শাবিপ্রবির মারজানা

বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য আরও একটি গৌরবময় ও অনন্য অর্জন এনে দিলেন তরুণ গবেষক মারজানা আক্তার। এশিয়ার বিভিন্ন দেশের অসামান্য গবেষক ও বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত ও মর্যাদাপূর্ণ ‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ ২০২৬ তালিকায় স্থান পেয়েছেন তিনি।

মারজানা আক্তার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর এই অসামান্য বৈশ্বিক অর্জনে শাবিপ্রবি পরিবারসহ দেশের পুরো গবেষণা অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

এবারের অর্জনের মধ্য দিয়ে মারজানা আক্তার ‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ তালিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার বিরল গৌরব অর্জন করেছেন। একই সাথে, তিনি ২০২৫ সালের ‘ইউনাইটেড নেশনস ইয়ং উইমেন ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ’ এ নির্বাচিত প্রথম বাংলাদেশি নারী গবেষক হিসেবেও নতুন ইতিহাস গড়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ ২০১৬ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই তালিকা প্রকাশ করে আসছে। এ তালিকায় স্থান পেতে হলে গবেষণায় অসামান্য অবদান, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার, আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে স্বীকৃতি কিংবা একাডেমিক ও শিল্পখাতে সুনির্দিষ্ট নেতৃত্বের প্রমাণ রাখতে হয়।

২০২৬ সালের এই মর্যাদাপূর্ণ তালিকায় মারজানা আক্তারের পাশাপাশি বাংলাদেশের আরও দুই বিশিষ্ট গবেষকের নাম রয়েছে। তাঁরা হলেন— মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ । বৈশ্বিক এই বিজ্ঞানীদের তালিকায় একই সাথে তিন বাংলাদেশির স্থান পাওয়া দেশের জন্য বিশেষ সম্মানের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই তালিকায় বাংলাদেশি নারী বিজ্ঞানীদের রয়েছে এক গৌরবময় ইতিহাস। এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এবং ২০২৩ সালে অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা তাঁদের জনস্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণায় অসামান্য অবদানের জন্য ‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।

সেই ধারাবাহিকতায় এবার তরুণ গবেষক মারজানা আক্তারের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের বিজ্ঞানচর্চা এবং ভবিষ্যৎ নারী গবেষকদের জন্য এক নতুন ও শক্তিশালী অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর এই নিষ্ঠা, সাহস ও নিরলস পরিশ্রমের অনন্য মূল্যায়নে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬