ঈদগাহে নির্যাতিত মুসলমানদের স্মরণ করলেন এমপি নাসের

ঈদুল আজহার আনন্দঘন পরিবেশেও বিশ্বের নির্যাতিত মুসলমানদের কথা স্মরণ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহৎ শিক্ষা। আজকের এই আনন্দঘন মুহূর্তেও আমাদের মনে রাখতে হবে, বিশ্বের বহু মুসলমান যুদ্ধ, দারিদ্র্য, নির্যাতন ও মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মুস্তফা (রা.) ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সকাল সাড়ে ৬টায় প্রথম জামাতে জেলার বিভিন্ন উপজেলার মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল ইসলাম।

এম নাসের রহমান বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিন নিষ্পাপ শিশু, নারী ও সাধারণ মানুষ নিহত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা যারা শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করছি, তাদের উচত এসব নির্যাতিত মানুষের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা।

দেশের সার্বিক শান্তি ও উন্নয়ন কামনা করে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এই সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং পরে বিশেষ মোনাজাতে দেশকে দুর্যোগ, মহামারি ও অশান্তি থেকে মুক্ত রাখার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬