
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।
ঈদের দ্বিতীয় দিন শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধনা এলাকায় তাঁর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এটিএম ফখর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শামছুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করেছে। ফলে মানুষ নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে।
তিনি বলেন, বিশ্বনাথ-ওসমানীনগর এলাকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করেছেন। বিশেষ করে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশ্বনাথ পৌরসভা কার্যকর ভূমিকা পালন করেছে। এ কাজে বিএনপির নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন।
তাহসিনা রুশদীর আরও বলেন, উন্নয়নই বিএনপির প্রধান অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিজের কাঙ্ক্ষিত উন্নয়ন পায়। মানুষের জীবনমানের উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ-ওসমানীনগরকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।



