প্রবাসীকল্যাণ মন্ত্রী

কুলাউড়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

কুলাউড়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

মৌলভীবাজারের কুলাউড়াকে সিলেট বিভাগের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক শক্তির দিক থেকে কুলাউড়ার একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই উপজেলা উন্নয়নের রোল মডেল হতে পারে।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) বিকেলে ব্যক্তিগত সফরে কুলাউড়ায় এসে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের শহরস্থ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, “কুলাউড়ার সঙ্গে আমার অনেক সম্পর্ক রয়েছে। সেই সূত্রে কুলাউড়ার প্রতি আমার আবেগ ও টান দীর্ঘদিনের। সিলেট বিভাগের মধ্যে রাজনৈতিক চর্চা ও সচেতনতার ক্ষেত্রে কুলাউড়ার বিশেষ পরিচিতি রয়েছে। এখানে বাম রাজনীতির পাশাপাশি বিএনপিও শক্ত অবস্থান তৈরি করেছে।” তিনি আরও উল্লেখ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুলাউড়ার সংগঠনের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন, যার ধারাবাহিকতা বর্তমানে বজায় রেখেছেন তারেক রহমান।

কুলাউড়ার চার লেন সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করতে হবে এবং এ বছরের মধ্যেই এসব কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে। একই সঙ্গে তিনি এলাকায় কারিগরি শিক্ষা সম্প্রসারণ, বিভিন্ন শর্ট কোর্স চালু এবং বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা উদ্যোগের প্রসঙ্গ তুলে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন:

“সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করেছে। শিগগিরই ‘প্রবাসী কার্ড’ও চালু হতে যাচ্ছে। এসব কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরাসরি আর্থিক সহায়তা পাবেন।”

তিনি দৃঢ়তার সাথে বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কুলাউড়া সিলেট বিভাগের একটি মডেল উপজেলা হবে এবং উন্নয়নের ক্ষেত্রে কুলাউড়াকে অন্য এলাকাগুলো অনুসরণ করবে।

মতবিনিময় সভায় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম কুলাউড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে মন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক মো. রেদোয়ান খান, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪০
  • ১১:৫৩
  • ৪:২৯
  • ৬:৩৯
  • ৮:০৩
  • ৫:০৪