জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের বিগত তিন মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায়, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। দেশ এখন সাধারণ মানুষের আকাঙ্ক্ষার ঠিক বিপরীত দিকে ধাবিত হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় সম্প্রতি নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, “মাত্র এক মাসের ব্যবধানে দুইবার তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের ‘জুলুম’। যদি দাম বাড়ানোর প্রয়োজন হতোই, তবে সেটি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে করা উচিত ছিল। কিন্তু সরকার জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে দাম বাড়িয়ে এক ধরনের প্রতারণা করেছে।”

ফাহিমা হত্যার বিচারে আলটিমেটাম: সিলেটের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের বিচার নিয়ে ডা. শফিকুর রহমান ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, “ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে ফাহিমা হত্যার বিচারও আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। আমরা এই হত্যার বিচার দীর্ঘসূত্রিতার বেড়াজালে আটকে যেতে দেব না। সরকার যদি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করতে না পারে, তবে ধরে নেব বিচার হবে না।”

সরকারের ব্যর্থতা ও দায়বদ্ধতা: তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের দমনে ব্যর্থ হলে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার বা যৌক্তিকতা থাকে না। দ্রুত বিচার নিশ্চিত করা সরকারের প্রাথমিক ও প্রধান দায়িত্ব।

এর আগে ডা. শফিকুর রহমান নিহত শিশু ফাহিমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের খোঁজখবর নেন। এসময় ফাহিমার সহপাঠী ও এলাকার শিশুরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং খুনিদের ফাঁসির দাবি জানায়। এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

রাজনীতি/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৪
  • ৪:২৯
  • ৬:৪০
  • ৮:০৫
  • ৫:০৪