

বড়লেখা প্রতিনিধিঃ সিলেট নগরীর উপশহর এলাকায় এক এসএসসি পরীক্ষার্থী কিশোরকে বলাৎকারের অভিযোগে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের মুল্লারকান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর বকুল (৭৯)সহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
শুক্রবার (৫ জুন) রাতে উপশহর এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। পরে তাদের শাহপরান (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী। পরিবারের অভিযোগ, কোরবানির ঈদের পরদিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্ত দুইজন তাকে সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয়।
ঘটনার পর বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শাহপরান (রহ.) থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে উপশহরের একটি হোটেল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হোটেলের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের হেফাজতে নেয়।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটক দুইজনের মধ্যে একজন আব্দুস শুক্কুর বকুল (৭৯)। অপরজনের বয়স আনুমানিক ৩৫ বছর। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় কয়েকজন দাবি করেছেন, আব্দুস শুক্কুর বকুলের বিরুদ্ধে অতীতেও অনুরূপ অভিযোগ উঠেছিল। তবে এ বিষয়ে কোনো মামলা, আদালতের রায় বা সরকারি নথির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলট/হা