সিসিক প্রশাসক

সিলেটের মানুষকে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও ১০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর যেভাবে বিস্তৃতি লাভ করার কথা ছিল, সেভাবে হয়নি। এই প্রতিষ্ঠানকে আরও বেশি উদ্যোক্তাবান্ধব করতে হবে।

শনিবার (৬ জুন) বিকেলে সিলেটে বিভাগীয় পর্যায়ে কৃষি উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের উপপরিচালকের কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, “বর্তমান জনবান্ধব সরকারের ওপর এদেশের মানুষের বুকভরা আশা রয়েছে। আমরা সামনে থেকে অনুসারী হিসেবে কাজ করছি, তাই আমাদের ওপরও অনেক দায়িত্ব বর্তায়।”

তিনি স্থানীয়ভাবে কৃষি বিপণন অধিদপ্তরকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের মার্কেটিং এবং পুঁজির সংস্থানের জন্য তাদের উৎসাহিত করা অত্যন্ত জরুরি এবং সিটি কর্পোরেশন সেই লক্ষ্যে কাজ করবে।

সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারে নিজের পরিকল্পনার কথা জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিসিক, এসএমই ফাউন্ডেশন কিংবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুঁজি বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং খাত গড়ে তুলতে হবে। সিলেটের মানুষকে কীভাবে ব্যবসা-বাণিজ্যে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে বিস্তর পরিকল্পনা করা হচ্ছে।
উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করার বিষয়ে প্রশাসক বলেন, “বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে উইমেন্স  চেম্বার এবং কৃষি বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সিলেট থেকে সরাসরি বিদেশে পণ্য রপ্তানির সুযোগ করে দেব।

“তিনি আরও জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানির সুযোগ থাকলেও পচনশীল পণ্যের জন্য প্রয়োজনীয় প্যাকেজিং ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি।

এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে কীভাবে সিলেটের কৃষি পণ্য পাঠানো যায়, তার সুনির্দিষ্ট ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে কৃষি বিপণন ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনা সম্ভব হবে। পাশাপাশি পণ্যের প্রচারের জন্য একটি আধুনিক ‘ডিসপ্লে সেন্টার’ গড়ে তোলার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হবিগঞ্জের কৃষি বিপণন কর্মকর্তা মো. রাবেল তালুকদার ও মৌলভীবাজারের কৃষি বিপণন কর্মকর্তা ফারুক উদ্দিন চৌধুরী।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন গ্রাসরুটসের সভাপতি হিমাংশু মিত্র, সম্পাদক নাফিসা শবনম, উদ্যোক্তা মো. সৈয়দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে মেলায় অংশ নেওয়া সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪