
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পূর্ণাঙ্গ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেটে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেছে জেলা ও মহানগর যুবদল। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, জাতীয়তাবাদী যুবদলকে মাঠপর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এই যুগোপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় কমিটির এই পূর্ণাঙ্গ রূপ তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের বলিষ্ঠ নির্দেশনায় আগামী দিনে রাজপথের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় সিলেট যুবদল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
সভাপতির বক্তব্যে শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সিলেট যুবদল অতীতেও রাজপথে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব প্রমুখ।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সিলেটের স্থানীয় নেতাদের মধ্যে জাকির হোসেন উজ্জল ও রাহীম উদ্দীন সহ-সভাপতি এবং মোহাম্মদ মকসুদ আহমদ ও মাহবুবুর রহমান সহ-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় আনন্দ মিছিলে বিশেষ উল্লাস প্রকাশ করা হয়। মিছিলে জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও পৌরসভা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।