
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মুসলিম কমিউনিটির জন্য ১২৬ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্কের সর্ববৃহৎ বাংলাদেশি মুসলিম কবরস্থান ‘স্কচটাউন বাংলাদেশ সেমেট্রি’। বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে এবং আগামী ১ জুলাই থেকে কবর ও দাফন কার্যক্রম শুরু করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের মুনলাইট গ্রিল অ্যান্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্কচটাউন বাংলাদেশ সেমেট্রি কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিনের প্রচেষ্টা ও পরিকল্পনার বাস্তব রূপ হলো স্কচটাউন বাংলাদেশ সেমেট্রি। নিউইয়র্কের আপস্টেট এলাকায় ১২৬ একর জমির ওপর গড়ে ওঠা এ কবরস্থানটি বাংলাদেশি মুসলিম কমিউনিটির জন্য একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ সমাধিক্ষেত্র হিসেবে কাজ করবে। আগামী ২০ জুন শনিবার দুপুরে কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর ১ জুলাই থেকে নিয়মিতভাবে দাফন কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত দাফনের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু এবং সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দিন পিন্টুসহ সংগঠনের নেতৃবৃন্দ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রকল্পটির সঙ্গে ধর্মীয় পরামর্শক হিসেবে যুক্ত রয়েছেন মাওলানা মনজুরুল করিম।
আয়োজকরা জানান, কবরস্থানটির জন্য ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এখন পর্যন্ত প্রায় ২০ হাজার কবর বিক্রি সম্পন্ন হয়েছে। কমিউনিটির ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ৩০ হাজার কবরের জন্য নতুন অংশের উন্নয়ন কাজ শিগগিরই শুরু করা হবে।
তারা বলেন, কবরস্থানে জানাজা, ওজু, পার্কিং ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দাফন কার্যক্রম পরিচালনা করা হবে যাতে প্রবাসী বাংলাদেশিরা স্বজনদের দাফনের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও সুশৃঙ্খল সেবা পান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড, কার্যনির্বাহী কমিটি, দাতা সদস্য এবং সর্বস্তরের বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, স্কচটাউন বাংলাদেশ সেমেট্রি ভবিষ্যতে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম প্রধান মুসলিম কবরস্থান হিসেবে প্রতিষ্ঠা পাবে।