সিলেটে নিষিদ্ধ আ. লীগের মিছিল ,আটক ৪

সিলেট নগরীতে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরীর শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখঘাট এলাকায় জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। ঠিক সে সময়ই সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মিছিলটি পুলিশের গাড়ির পাশ কেটেই সামনের দিকে এগিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে নেতাকর্মীদের উপস্থিতি বেশি থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশকে কোনো বাধা দিতে দেখা যায়নি। তারা অল্প সময় অবস্থান নিয়ে মিছিল শেষ করে চলে যান।

একটি সূত্র জানিয়েছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নির্দেশে এই মিছিলটি বের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়—বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এদিকে ঝটিকা মিছিলের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘‘মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪