
আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরীফে স্বর্ণখচিত নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া উন্মোচন করা হয়।
ঐতিহ্য অনুযায়ী সাধারণত হজ মৌসুমে কাবার গিলাফ পরিবর্তন করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে মহররম মাসের শুরুতে এটি পরিবর্তনের রীতি অনুসরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও পুরনো গিলাফ সরিয়ে নতুন কিসওয়া স্থাপন করা হয়।
সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ কারিগরি প্রক্রিয়ায় কাবার গিলাফ তৈরি করা হয়। প্রায় ১১ মাসের প্রস্তুতির পর শতাধিক কারিগর এটি নির্মাণ করেন।
নতুন কিসওয়ায় ব্যবহৃত হয়েছে উচ্চমানের রেশমি কাপড় এবং এতে কোরআনের ৬৮টি আয়াত স্বর্ণ ও রৌপ্যের সূতার ক্যালিগ্রাফিতে অলঙ্কৃত করা হয়েছে। এতে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ ও ১০০ কেজি রৌপ্য ব্যবহৃত হয়। পুরো গিলাফটির ওজন প্রায় ১,৪১৫ কেজি।
নিয়ম অনুযায়ী পুরনো গিলাফ ছোট ছোট অংশে কেটে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছে স্মারক হিসেবে বিতরণ করা হয়।