
বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছে ইসরায়েল। এ বিষয়ে দেশ দুটির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। সাক্ষাৎকারের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে গোষ্ঠীটির কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল।
রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তার নিয়ে তারা উদ্বিগ্ন। তার দাবি, কিছু কার্যক্রম প্রকাশ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, তবে আরও কিছু বিষয় জনসমক্ষে আসেনি।
তিনি আরও বলেন, “আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্য সংগঠনগুলোও এই ধরনের হামলাকে মডেল হিসেবে ব্যবহার করতে পারে।”
এ ছাড়া পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, এই ধরনের পরিস্থিতি আঞ্চলিক সরকারের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।
সূত্র: এনডিটিভি সাক্ষাৎকার অবলম্বনে