বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম। শনিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে তিনবছরের জন্য এই পদে নিয়োগ দেন।

শনিবার রাষ্ট্রপতির সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে যুক্তরাজ্য প্রবাসী এই নেতার বদলে এই আসনে মনোনয়ন দেওয়া হয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এমএ মালিককে। নির্বাচনে বড় ব্যাবধানে জয় পান মালিক।

সিলেট-৩ আসনের আরেক মনোনয়ন বঞ্চিত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়েছে সরকার। আর সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরীকে সিলেট জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরপর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

এবার আব্দুল সালামকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে দলের আরেক নেতাকে মূল্যায়িত করল বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *