‘আমার বন্ধু মহাজাদু জানে’

ত্রয়োদশ সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল মালয়েশিয়ায়। গত রোব ও সোমবার হওয়া এ সফরের চুম্বক অংশ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর। এতে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও তাজাখস্তানের জনপ্রিয় পপ গায়িকা মেহরনিগরি রুস্তামের গাওয়া গান ‘মহাজাদু’, যার চুম্বক লাইন ‘আমার বন্ধু মহাজাদু জানে’। ভিডিওটিতে ‘বন্ধু’ শব্দের ব্যবহারে দুদেশের শীর্ষ নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দেয়।

এর আগে গত সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম তারেক রহমানকে ভাই সম্বোধন করেন। সেই সঙ্গে জিয়া পরিবারের সঙ্গে পুরোনো সম্পর্কের কথাও তুলে ধরেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৬ মিনিটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের পরপরিই ভিডিওটি সাড়া জাগায়। প্রথম চার ঘণ্টায় ভিডিওটিতে এক মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ৮টা) ভিডিওটিতে প্রায় ১৩ হাজার কমেন্ট পড়ে এবং ৩৬ হাজার বারের বেশি এটি শেয়ার করেন নেটিজেনরা।

পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর তার দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফর। এ সফর দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য আস্থা ও পারস্পরিক অঙ্গীকারকে প্রতিফলিত করে। সফরটি মালয়েশিয়া-বাংলাদেশ বন্ধুত্বকে শক্তিশালী করেছে এবং উভয় দেশের মানুষের উপকার ও মঙ্গলের জন্য কৌশলগত সহযোগিতা জোরদার করতে পারস্পর অঙ্গীকারবদ্ধ হয়েছে।’

দুই মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে দুদেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি ব্যবহার করা হয়েছে, মাঝে একটি বৈঠকের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। এছাড়া ভিডিওটির একটি বিশেষ আকর্ষণ ছিল—নাচের মতো অঙ্গভঙ্গি করে আনোয়ার ইব্রাহিমের হাততালি, যেখানে পাশেই দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে শোনা যায়। সেখানে তিনি সমস্যা সমাধানে আন্তরিকতা প্রকাশ করেন। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘অবশ্যই, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব। একই সঙ্গে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, যাতে এ সমস্যার আংশিক সমাধান করা যায়।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ বক্তব্য তুলে ধরার সময়ও আবহ সংগীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ বাজতে থাকে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন

এদিকে, মালয়েশিয়ার এমন হৃদ্যতাপূর্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ‘আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ আতিথেয়তার জন্য আমার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘মালয়েশিয়া সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পক্ষ থেকে প্রদর্শিত সৌহার্দ, আন্তরিকতা ও শুভেচ্ছায় আমরা গভীরভাবে অনুপ্রাণিত ও স্পর্শিত হয়েছি। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের দৃঢ়তাকে পুনরায় নিশ্চিত করেছে। এ সম্পর্ক কেবল বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আরো গভীর ও ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।’

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি এমন একটি মূল্যবান সম্পর্ক, যার সূচনা বহু দশক আগে যখন আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং আমার মা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।’ তিনি বলেন, ‘আমাদের সাক্ষাতের সময় যে আন্তরিকতা ও সৌজন্য তিনি প্রদর্শন করেছেন, তার জন্য মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইসকান্দারের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন খাত ও জীবনের সর্বস্তরে দুদেশের জনগণের মধ্যে যে নিবিড় যোগাযোগ ও বন্ধন গড়ে উঠেছে, তা নিয়ে আমরা গর্বিত।’

তারেক রহমান আরো বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফর শেষে আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি, যাতে মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমাত্রিক অংশীদারত্ব আরো সুদৃঢ় ও সম্প্রসারিত হয়।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫