স্কটল্যান্ডের ইতিহাস গড়ার সুযোগ

পথ হারানো পথিকের মতোই অবস্থা ব্রাজিলের! ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানী যেখানে নকআউটের হিসেব কষছে, ব্রাজিলকে মাথা ঘামাতে হচ্ছে গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াই নিয়ে। বিশ্বকাপ আসলে এমনই এক নাটকের মঞ্চ। ব্রাজিলের সামনে আজ স্কটল্যান্ড। শক্তি, অভিজ্ঞতা, পরিসংখ্যান সবকিছুই ব্রাজিলের পক্ষে। কিন্তু ম্যাচটা তো অস্তিত্বের, বিশ্বকাপে টিকে থাকার। একটু এদিক, সেদিক হলেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপ থেকে বিদায়! ব্রাজিলের বিদায় মানে তো বিশ্বকাপ অনেকটাই ম্লান। তাই ব্রাজিলের ঘোর বিরোধীর প্রার্থনায়ও আজ ব্রাজিলই থাকার কথা।

দলের প্রধান অস্ত্র হয়তো ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপে দুই ম্যাচে দুই গোল রিয়াল মাদ্রিদ তারকার। সবশেষ ছয় ম্যাচে তিন গোল আর তিন এ্যাসিস্টে ভিনিসিয়ুসই ব্রাজিলের বড় ভরসা। কিন্তু আরেকজনও তো আছেন। পারফরম্যান্সে, আলোচনায় যার থাকার কথা সবার আগে, তিনিই কিনা আড়ালে পড়ে থাকছেন! ইনজুরি যে নেইমারের ক্যারিয়ারটাই শেষ করে দিল। ২৪ বছর পর ব্রাজিলকে শিরোপার স্বপ্ন দেখানো কার্লো আনচেলত্তি সব জেনেশুনেই ঝুঁকিটা নিলেন। ইনজুরি আক্রান্ত নেইমারকে রাখলেন বিশ্বকাপের চুড়ান্ত স্কোয়াডে। এই ঝুঁকিটাই হয়তো কাজে লাগবে আজ রাত পেরিয়ে কাল ভোরে।

গত দুই ম্যাচে ব্রাজিলকে ব্রাজিলের মতো মনে হয়নি। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পরেও সমর্থকদের মন ভরেনি। আর কাল তো বাঁচা- মরার ম্যাচ। ড্র করলে নকআউটে যাওয়া যায়, জিতলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। কিন্তু যদি পঁচা শামুকে পা কাটে! এই শঙ্কার মাঝে আবার দলের অন্যতম এক তারকা রাফিনিয়াকে কাল পাচ্ছে না ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জটিল সমীকরণের ম্যাচে নেইমার তাই অনিবার্য হয়েই থাকছেন। স্কটল্যান্ড অবশ্য ব্রাজিল তারকার কাছে সুখস্মৃতির এক নাম। ব্রাজিলের হয়ে অভিষেকেই প্রতিপক্ষ হিসেবে স্কটিশদের পান নেইমার। লন্ডনের সেই প্রীতি ম্যাচে নেইমারের দুই গোলে জয় পায় ব্রাজিল। বিশ্বকাপে এখনো ছন্দ খুঁজে না পাওয়া, রাফিনিয়ার মতো বড় তারকার না থাকা কি তাহলে আজ পুষিয়ে দিবেন নেইমার?

স্কটল্যান্ডের হিসেবটাও হয়ত আজ ভিনিসিয়ুসের পাশাপাশি নেইমারকে ঘিরেই হবে। ব্রাজিলের যেখানে ড্র করলেই চলে স্কটিশদের সামনে জয়ের কোন বিকল্প নেই। কঠিন জেনেও কাল ভোরে জয়ের খোঁজেই নামবে স্কটল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার কোন দলকে হারাতে পারেনি তাঁরা। ফুটবলের বিশ্ব আসরের নিয়মিত মুখ হলেও স্কটল্যান্ড একবারও গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে যেতে পারেনি। সেই মহা আরাধ্য সুযোগটাই সামনে এসেছে। ইতিহাস নতুন করে লিখতে ব্রাজিল বাঁধা হলেই বা কি! কাল ভোরটা তো হতে পারে স্কটল্যান্ডের!

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫