
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বুধবার মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত হলেও এবার সেলেসাওদের লক্ষ্য গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখা।
দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে মরক্কো মুখোমুখি হবে গ্রুপের তলানিতে থাকা হাইতির। ফলে দুই দলই জিতলে গ্রুপসেরা নির্ধারণ হবে গোল ব্যবধানে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে আছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১। তাই স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। স্কটল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে ৮টিতে জয় পেয়েছে সেলেসাওরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের তথ্য অনুযায়ী, কোচ কার্লো আনচেলত্তি একাদশে বড় কোনো পরিবর্তন আনছেন না। হাইতির বিপক্ষে জয় পাওয়া দলের অধিকাংশ খেলোয়াড়ই নিজেদের জায়গা ধরে রাখছেন। তবে রাফিনিয়ার পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ানকে। অনুশীলনেও তাকে মূল দলে দেখা গেছে।
এদিকে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনার নাম নেইমার জুনিয়র। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও তাকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নিচ্ছেন না আনচেলত্তি। পরিকল্পনা অনুযায়ী, নকআউট পর্ব থেকেই মাঠে নামানো হতে পারে দলের ১০ নম্বর জার্সিধারীকে। তবে শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।
অন্যদিকে কাসেমিরো ও ডগলাস সান্তোসের দিকে নজর থাকবে বিশেষভাবে। দুজনই একটি করে হলুদ কার্ড নিয়ে খেলছেন। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তারা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।