শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের উদ্যোগে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় একটি ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের থেরানোস্টিকসের জন্য একটি সমন্বিত বায়োমার্কার প্যানেল সনাক্তকরণ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো ব্যাধিগুলো বর্তমান বিশ্বে মানবস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই রোগগুলোর দ্রুত ও নির্ভুল সনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসায় থেরানোস্টিকস ও বায়োমার্কার প্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শাবিপ্রবির বিএমবি বিভাগ ‘হিট’ প্রকল্পের আওতায় যে গবেষণার উদ্যোগ নিয়েছে, তা দেশের চিকিৎসা খাতের অগ্রগতিতে ও পলিসি তৈরিতে অনন্য অবদান রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের বিশ্বমানের গবেষণামূলক কাজে সব ধরনের সহযোগিতা দিতে বদ্ধপরিকর। এই বিভাগটি সমাজের কল্যাণে বরাবরই চমৎকার সব কাজ করে আসছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও তারা দেশ ও জাতির কল্যাণে আরও বড় ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর বলেন, তোমাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং নিয়মিত খাওয়া-দাওয়া করতে হবে। পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে তোমরা একটি প্রতিদিনের ডায়েরি মেইনটেইন করতে পারো, যেখানে দৈনিক কত সময় পড়াশোনা করছ তার হিসাব থাকবে। আমি বলব, নিজেদের মেধা বিকাশের জন্য প্রতিদিন অন্তত চার ঘণ্টা গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। কোনোভাবেই নিজের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। মনে রাখবে, শুধুমাত্র শাবিপ্রবির শিক্ষার্থীরাই তোমাদের প্রতিযোগী নয়; বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তোমাদের পুরো বিশ্বের সাথে প্রতিযোগিতা করে নিজের যোগ্য অবস্থান তৈরি করে নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সংশ্লিষ্ট হিট (HEAT) উপ-প্রকল্পের এএসপিএম ড. মো. জাফরুল হাসান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন (কি-নোট স্পিকার) করেন বিভাগের সহযোগী অধ্যাপক ও হিট উপ-প্রকল্পের এসপিএম ড. এইচ এম সাইফুদ্দিন।
কি-নোট স্পিকারের বক্তব্যে ড. এইচ এম সাইফুদ্দিন বলেন আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে প্রিসিশন হেলথের একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে সমন্বিত বায়োমার্কারভিত্তিক থেরানোস্টিক্স পদ্ধতির মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসাকে আরও নির্ভুল, ব্যক্তিকেন্দ্রিক এবং কার্যকর করা সম্ভব হবে।
বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাঃ আরজুবা আক্তারের সভাপতিত্বে এই কর্মশালায় বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ও HEAT উপ প্রকল্পের (PIN-13409) এএসপিএম ড. অজিত ঘোষ ও সদস্য অপরাজিতা দাস তৃষা (সহকারী অধ্যাপক) সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা ক্যান্সার, ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার রোগের আধুনিক চিকিৎসা ও গবেষণায় বায়োমার্কার প্যানেলের গুরুত্ব এবং এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
