
সিলেটের সড়ক ও চিকিৎসাসেবা বিষয়ে নানা উন্নয়ন কাজের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
শুক্রবার (২৬ জুন) বিকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় একাডেমি মিলনায়তনে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।” চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, “অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল। আর এই ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।”
এ সময় মন্ত্রী জানান, “ আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।” সিলেট নগরবাসীর জন্য শহরে একটি ফুসফুস গড়ে তোলার পরিকল্পনার জানিয়ে তিনি বলেন, “সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।” সিলেটে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৮ গুণীশিল্পী ও দুটি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ ও ২০২৫ পদক দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- আব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কন্ঠসংগীত), মো. স্বপন খান (যন্ত্রসংগীত) এবং কথাকলি, সিলেট (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- সালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কণ্ঠসংগীত), মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং গীতবিতান, বাংলাদেশ (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়।
সিলেট/হা