
গভর্নমেন্ট স্পিচ অ্যান্ড হিয়ারিং ইমপেয়ার্ড স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব ২০২৬’। ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন, সিলেট এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে।
শনিবার (২৭ জুন) বিকাল ৪টায় নগরীর শেখঘাটস্থ সমাজকল্যাণ কমপ্লেক্সে অবস্থিত বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুলে উৎসবের উদ্বোধন করা হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, কলা, দই ও চিড়াসহ বাহারি মৌসুমি ফলের সমাহারে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ।
স্কুলের শতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে উৎসবে অংশ নেয়। শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো ফলের স্বাদ উপভোগ করে। এসময় তাদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক।
ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন, সিলেটের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও সামাজিকীকরণের অংশ হিসেবে আমরা এবার ফল উৎসবের আয়োজন করেছি। ওদের হাসিমুখই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুরা প্রায়ই পুষ্টিকর খাবার ও নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এই স্কুলে শুধু অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে। আমরা চাই অন্তত মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ তৈরি হোক। এ বিষয়ে আমরা পাশে থাকব।”
গভর্নমেন্ট স্পিচ অ্যান্ড হিয়ারিং ইমপেয়ার্ড স্কুলের প্রধান শিক্ষক বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক এবং সমাজের মূলস্রোতে তাদের অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এমন আয়োজনের জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন, সিলেটকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্থানীয় সমাজকর্মী, অভিভাবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে শিক্ষার্থীরা বুফে সিস্টেমে ২০/২৫ প্রকারের মৌসুমি ফল উপভোগ করে।