
আগামী ২ জুলাই বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট মহানগরীর ২৫টি কেন্দ্রে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষা ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ বিধিনিষেধ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রের ২০০ গজের ভেতরে সবধরনের জনসমাবেশ, মিছিল, চিৎকার-চেঁচামেচি এবং উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া গান-বাজনা, ঢাকঢোল পেটানো এবং পটকা বা আতশবাজি ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে| পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
নিরাপত্তার স্বার্থে উক্ত এলাকার মধ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি কিংবা বিষ্ফোরক এবং ইট-পাথর বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। বহিরাগত বা অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ রুখতে পরীক্ষা কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।
সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ ২৫টি কেন্দ্র- যার মধ্যে সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, সরকারি মহিলা কলেজ, মদন মোহন কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে- সবগুলোতে এই নিরাপত্তা বেষ্টনী বলবৎ থাকবে| জনস্বার্থে জারি করা এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে এসএমপি।
শিক্ষা/হা



