প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে সুস্থ হয়ে স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতে পারবেন এটা ডাক্তারদের সবচেয়ে বড় অর্জন এবং রোগীদের আনন্দের বিষয়। চিকিৎসা সেবা বিষয়ে সাস্টেনেবুল করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

তিনি এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস এর উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, আগে ফিজিওথেরাপির বিষয়ে বাংলাদেশের মানুষ জানতেন না। বর্তমানে প্রতিটি ফিজিওথেরাপি প্রতিষ্ঠানগুলো রোগীদের সেবায় ব্যাস্ত থাকে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী ৪ জুলাই শনিবার দুপুরে নগরী শাহজালাল উপশহরস্থ গার্ডেন টাওয়ারে সিলেটে এই প্রথম সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, স্বাস্থ্যসেবাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস এর চেয়ারম্যান ডা. মো. আলমাহির ফেরদৌস বলেন, এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু রোগীর ব্যথা কমানো নয়; বরং তাঁকে তাঁর স্বাভাবিক, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরিয়ে আনা। রোগীকেন্দ্রিক, বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক মানের পুনর্বাসন সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। এখানে স্ট্রোক, প্যারালাইসিস, পিএলআইডি, কোমর ও ঘাড়ের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, স্নায়বিক সমস্যা, খেলাধুলাজনিত আঘাত সহ বিভিন্ন জটিল রোগের জন্য আধুনিক ফিজিওথেরাপি, পুনর্বাসন চিকিৎসা, ওয়েস্টার্ন আকুপাংচার, পিআরপি এবং রিজেনারেটিভ মেডিসিনভিত্তিক সমন্বিত চিকিৎসাসেবা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের প্রধান চিকিৎসা উপদেষ্টা ও বিশিষ্ট আকুপাংচার স্পেশালিস্ট প্রফেসর ড. এন. এম. কিরণ বলেন, বর্তমান সময়ে পুনর্বাসন চিকিৎসা শুধু একটি বিকল্প নয় বরং দীর্ঘমেয়াদি সুস্থতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সঠিক মূল্যায়ন, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ টিমের সমন্বয়ে অসংখ্য রোগী পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।

চিকিৎসা সেবাকে আরও উন্নত ও সহজলভ্য করার লক্ষ্যে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও প্রতি বুধবার ও বৃহস্পতিবার “অপারেশন বিহীন” আকুপাংচার, স্টেম সেল ও পিআরপির মাধ্যমে জটিল রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ প্রদান করা হবে।

এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস কর্তৃপক্ষ বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং আন্তরিক সেবার মাধ্যমে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র নিরলসভাবে কাজ করবে। ভবিষ্যতেও রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ অব্যাহত রাখবে।

 

 

স্বাস্থ্য/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *