ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট ‘যান্ত্রিক ত্রুটির’ পর ফের ঢাকায় জরুরী অবতরণ করেছে। ওই ফ্লাইটটির যাত্রী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

 

ভিআইপি যাত্রী বহন করা ফ্লাইট উড্ডয়নের পর এমন ‘ত্রুটিতে’ নানা প্রশ্ন উঠেছে। সন্দেহের সৃষ্টি হয়েছে, এটি কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি পরিকল্পিত কোনো নাশকতার চেষ্টা? সংশ্লিষ্ট সূত্র বলছে, সব বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু হবে।

 

যদিও শুক্রবার রাত ১২ টা পর্যন্ত এই বিষয়ে দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে চলাচলকারী বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, ‘উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে ফ্লাইটটি (ভিকিউ-৯৩৫) কক্সবাজারে না গিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করেছে।

 

ওই ফ্লাইটের যাত্রী ও এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পর ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে আসে। ঘটনা জানাজানি হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড্ডয়নের অন্তত ৪৫ মিনিট পর সেটি ফের ঢাকায় নিরাপদে অবতরণ করলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *