ব্রাজিল, ইংল্যান্ডের কঠিন পরীক্ষা

বিশ্বকাপের গত আসরে যেটি দ্বিতীয় রাউন্ড এবার সেটি রাউন্ড অব সিক্সটিন। সেই শেষ ষোলোতে আলাদা ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল ও ইংল্যান্ড। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলবে হ্যারি কেইনের ইংল্যান্ড। এদিকে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের নরওয়ে। ধারে ভারে নরওয়ে- ব্রাজিলের পার্থক্য অনেক। তবে ইতিহাস কিন্তু বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের পক্ষে নয়। ২০০৬ বিশ্বকাপ থেকেই ইউরোপের কোন না কোন দলের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সেলেসাওদের। ব্রাজিলের কাছে ভয় ধরিয়ে দেয়া এক নাম নরওয়ে। ইতিহাস বলছে ইউরোপের ছোট ফুটবল শক্তি নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত জিততে পারেনি ব্রাজিল! বিশ্বকাপ আর প্রীতি ম্যাচ মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। একটিতেও জয়ের হাসি হাসতে পারেনি ব্রাজিলিয়ানরা। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। কিন্তু অতীত ইতিহাস তো সবসময় বর্তমানের গান গায় না। গায় না বলেই আজ রাত ২টায় শুরু হতে যাওয়া রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ব্রাজিল ফেবারিট। এই বিশ্বকাপে তাঁদের শেষ ম্যাচটাই দেখুন। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের ফল অবশ্য ব্রাজিলের আধিপত্য বুঝাতে যথেষ্ট নয়। দ্বিতীয়ার্ধে জাপানকে নিয়ে ছেলেখেলায় মেতেছিলেন ভিনিসিয়ুস, পাকেতারা। ব্রাজিলের যে চিরচেনা ছন্দ, গতি আর বুঝাপড়া সেটাই ফুটে উঠেছিল জাপান ম্যাচে। নেইমার জুনিয়র বিশ্বকাপের চুড়ান্ত স্কোয়াডে যেন থেকেও নেই! ইনজুরির কারনে নেইমারে ঝুঁকি নিতে চাচ্ছেন না আনচেলত্তি। তবে নেইমারের না থাকা পুষিয়ে দিচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তারকা যেকোন প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। আক্রমণভাগে কুনিয়া দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন ভিনিসিয়ুসকে। মাঝমাঠ আর রক্ষনেও আত্মবিশ্বাসী আনচেলত্তির শিষ্যরা। আর ব্রাজিলের গেলপোস্টে এ্যালিসন যেন ফিরিয়ে এনেছেন লিভারপুলে তাঁর স্বর্ণযুগ। সবমিলিয়ে ব্রাজিল ছন্দে আছে ৯৪ আর ২০০২ বিশ্বকাপের মতো। নরওয়ের অবশ্য হারানোর কিছু নেই। এই প্রথম নকআউট পর্ব পেরুতে পেরেছে আর্লিং হালান্ডের দল। দলের সেরা তারকাও তিনি। রাউন্ড অব ৩২ এর ম্যাচে তাঁর গোলেই আইভরিকোষ্টকে হারিয়েছে নরওয়ে। মূলত হালান্ডের জ্বলে ওঠা না ওঠার ওপরই নির্ভর করছে আজ নরওয়ের ভাগ্য।

ইংল্যান্ড এই বিশ্বকাপের অন্যতম ফেবারিট। খেলছেও তাঁরা দুর্দান্ত। কিন্তু ফল বের করতে গিয়ে ঘাম ঝরাতে হচ্ছে কেইনদের। নকআউটের প্রথম ম্যাচে অখ্যাত ডি আর কঙ্গো চেপে ধরেছিল ১৯৬৬ বিশ্বকাপ জয়ীদের। শেষপর্যন্ত হ্যারি কেইনের জোড়া গোলে জিতে রাউন্ড অব সিক্সটিনে এসেছে ইংল্যান্ড। গত ম্যাচের ফলের চেয়েও আজ বড় হয়ে উঠছে ইংল্যান্ডের প্রতিপক্ষ। মেক্সিকোর ৭ হাজার ফুট উচ্চতায় স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলতে হবে ইংল্যান্ডকে। সঙ্গে থাকবে আজতেকা স্টেডিয়াম উপচে পড়া স্বাগতিক দর্শকদের চাপ। মেক্সিকো সিটির যে স্টেডিয়ামে আজ দুইদল মুখোমুখি হচ্ছে সেখানে আজ পর্যন্ত কোন ম্যাচ হারেনি মেক্সিকো। ইংল্যান্ডের প্রতিপক্ষ তাই কেবল মেক্সিকো নয়- স্বাগতিক দর্শক, মেক্সিকান ওয়েব আর আজতেকা স্টেডিয়ামের ইতিহাসও কাল সকালের ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ। এতসব মোকাবেলা করে ইংল্যান্ড কাল জিতে গেলে তো সেটা হবে বিশ্বকাপ জয়ের সমান!

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮