শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

 

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিশ্বকাপের খেলা দেখার সময় পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেকের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি তাৎক্ষনাত মীমাংসা হয়ে যায়।

 

তবে কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় আবারও উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় নাফিসের বন্ধু আইপিই বিভাগের শিক্ষার্থী কাফি কাওসার ও তার বন্ধুরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

 

সংঘর্ষে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল মাথায় আঘাত পান। পরে তাকে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

ঘটনার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *