সিলেট সীমান্তে পৃথক অভিযানে এক কোটি সাত লাখ ৬১ হাজার ৩২৫ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বুধবার (৮ জুলাই) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ২০০ কেজি জিরা, ২ হাজার কেজি চা-পাতা এবং চোরাচালানে ব্যবহৃত ৩টি বাংলাদেশি ডিআই পিকআপ জব্দ করা হয়। এসব মালামাল ও যানবাহনের সিজারমূল্য এক কোটি ৪ লাখ টাকা।

এছাড়া বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭১৮ কেজি ভারতীয় চিনি, একটি মহিষ, ১০২ কেজি চা-পাতা এবং ৮৬ বিরা পান জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের সিজারমূল্য ৩ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা।

দুই দিনের অভিযানে সর্বমোট এক কোটি ৭ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *