
কে যাবে সেমিফাইনালে? উড়ন্ত ফ্রান্স নাকি আফ্রিকান প্রতিনিধি মরক্কো। আজকের ম্যাচে ফ্রান্স পরিস্কার ফেবারিট। তাই বলে মরক্কোও কিন্তু একেবারে হিসেবের বাইরে নয়। গ্রুপ পর্ব, রাউন্ড অব ৩২ আর শেষ ষোলো থেকে মাথা উঁচু করেই কোয়ার্টার ফাইনালে এসেছে মরক্কো। দুই দলের লড়াইয়ের ভেতর আরেকটা লড়াইয়ের দিকেও আজ চোখ থাকবে সবার। কিলিয়ান এমবাপ্পে আর আশরাফ হাকিমি। বর্তমান বিশ্বের আলোচিত দুই ফুটবলার আবার ঘনিষ্ঠ বন্ধু। তবে আজ বন্ধুত্বের বন্ধন ভুলে দুজন মাঠে নামবেন নিজ নিজ দেশের হয়ে। দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, থাকবে জয় তুলে নেয়ার তীব্র নেশা। দুই বন্ধুর লড়াই শেষে কে হাসবেন শেষ হাসি? তার জন্য অপেক্ষা করতে হবে আজ গভীর রাত পর্যন্ত।
ক্লাব ফুটবলে খেলার সূত্রেই এমবাপ্পে, হাকিমির বন্ধুত্বের শুরু। চলাফেরা, ওঠাবসায় দুজন হয়ে ওঠেন মানিকজোড়। খেলায় যাত্রাপথে দুজন পাশাপাশি আসনে বসতেন, অবসরে বেড়াতে যেতেন একসঙ্গে। একসময় এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে আসলেও তাঁদের বন্ধুত্বে চিড় ধরেনি। দুজন আছেন সেই আগের মতোই হৃদয়ে হৃদয় মিশিয়ে।
বয়সে দুজন কাছাকাছি। ৪৬ দিনের ব্যবধান। ১৯৯৮ সালের ৪ নভেম্বর আশরাফ হাকিমির জন্ম। এমবাপ্পের জন্ম একই বছরের ২০ ডিসেম্বর। নিজ দেশের ক্লাব পিএসজিতে এমবাপ্পে যোগ দেন ২০১৭ সালে। প্রথমে মোনাকো থেকে তিনি ধারে এসেছিলেন। পরের বছর ২০১৮ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে চুক্তিবদ্ধ হন এমবাপ্পে। আশরাফ হাকিমি ফ্রান্সের শীর্ষ ক্লাবে যোগ দেন ২০২১ সালে। তিনি এসেছিলেন ইতালির ইন্টার মিলান থেকে পাঁচ বছরের জন্য। মূলত ফ্রান্সের বিখ্যাত ক্লাব পিএসজিই দুজনকে এক করে দেয়। এখানে আসার পরই ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। হাকিমিকে ফ্রান্সের ভাষা শেখাতে, পিএসজিতে মানিয়ে নেয়াতে সাহায্য করেন এমবাপ্পে। দুজনের এই বন্ধুত্ব মাঠেও প্রভাব ফেলে। এমবাপ্পে ওপরে, হাকিমি নিচে ডানদিকে খেলেন। দুজনের রসায়নে অনেক গোলও আছে পিএসজিতে। গোল করার পর দুজনের পেঙ্গুইন ভঙ্গিমার উদযাপনও নজর কাড়তো সবার। তবে আজ এসব ভুলে তাঁরা একে অপরের প্রতিপক্ষ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। যে জিতবেন উঠে যাবেন সেমিফাইনালে। এমবাপ্পে সাত গোল করে রীতিমত উড়ছেন। টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পথেই আছেন ফ্রান্সের গোল মেশিন। সঙ্গে টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলার অবিস্মরণীয় এক কীর্তিও ডাকছে এমবাপ্পেকে। হাকিমিও চাইবেন আজ বন্ধুকে হারিয়ে সেমিতে যেতে। লড়াইয়ের ভেতর দুই বন্ধুর লড়াই শুরু হবে আজ রাত ৩টায়।



