১৮ দিন পর আবারও খোলা হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ) এর মাজারের দানবাক্স।

শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাজারের তিনটি দানবাক্স ও একটি ডেগ খোলা হয়। সেখান থেকে চার বস্তা টাকা পাওয়া গেছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া টাকা গণনার কাজ শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

টাকা গণনার কাজে মাজার কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

এর আগে ৭০০ বছরের প্রথা ভেঙে দানবাক্স সিলগালা করার পর গত ২২ জুন প্রথমবার তা খুলে টাকা গণনা করা হয়। ওই সময় পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার টাকা। মাজারের দানের টাকার হিসাবে স্বচ্ছতা ফিরিয়ে আনতে তৎকালীন জেলা প্রশাসক সারোয়ার আলম এই উদ্যোগ গ্রহণ করেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে একপর্যায়ে তাকে প্রত্যাহার করা হয়।

শনিবার দ্বিতীয়বারের মতো দানবাক্স খোলার সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী কয়েসসহ প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্প্রতি মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির তত্ত্বাবধানে এবারের গণনা পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদি কয়েস।

দানবাক্সে পাওয়া অর্থের পরিমাণ গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *