বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে খুন

প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কুপিয়ে খুন করা হয় রিয়াকে

প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কুপিয়ে খুন করা হয় রিয়াকে

  

  বিয়ানীবাজারে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে নিজের কিশোরী মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে নেওয়া হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবু বক্কর একই এলাকার মৃত বিলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে রিয়ার নানাবাড়ির পুকুরঘাটে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর আবু বক্কর পালিয়ে যান।

পুলিশের ভাষ্য, প্রায় এক বছর আগে রিয়া ভালোবেসে এক যুবকের সঙ্গে ঘর ছেড়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন তিনি আবারও ওই যুবকের সঙ্গে চলে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাত ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কাশিখাল ব্রিজসংলগ্ন টিকরবাড়ী এলাকা থেকে আবু বক্করকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, রোববার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আমারসিলেট/এমএসএস

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:১০