শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ‘পুনর্মিলনী’ আগামী ২০২৭ সালের ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাস্ট (এএবিএ সাস্ট)-এর আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এই আয়োজন শাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

বুধবার (১৫ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষ জানান, সম্প্রতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির (ইসি কমিটি) এক সভায় পুনর্মিলনী আয়োজনের এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে এএবিএ সাস্ট-এর নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে উপাচার্য এ আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা শেষে ইসি কমিটি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত চূড়ান্ত  করে।

 

এএবিএ সাস্টের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং সাধারণ সম্পাদক এরশাদুল হক এক যৌথ বিবৃতিতে জানান, তিন দিনের এই আয়োজনের প্রথম দিন থাকবে বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও কর্পোরেট প্রতিষ্ঠানের মধ্যে নেটওর্য়াকিং সেশন। পরের দুই দিন থাকবে জমকালো আয়োজন। যেখানে থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, খেলাধুলা থেকে শুরু করে বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন।

 

বিবৃতিতে আরও বলা হয়, এই পুনর্মিলনীর মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের একটি ডাটাবেস তৈরি হবে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে তাদের স্মৃতিময় দিনগুলোকে রোমন্থন করার সুযোগ পাবেন। আমরা আশা করছি বিভাগের প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করবেন। এই আয়োজন সফল করতে সবার অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল পক্ষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

 

ইসি কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাহিয়ান খান, যুগ্ম-সম্পাদক রতন অধিকারী রাতুল, যুগ্ম-সম্পাদক মো. আজিজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাহেরু হেলাল, ক্রীড়া সম্পাদক সোহরাব রানা এবং কার্যনির্বাহী সদস্য একিউএম আব্দুল্লাহ আল মনসুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *