আর্জেন্টিনা- ইংল্যান্ড সেমিফাইনাল মাঠের লড়াইয়ের ভেতর আরেক লড়াই!

আর্জেন্টিনা- ইংল্যান্ড সেমিফাইনাল মাঠের লড়াইয়ের ভেতর আরেক লড়াই!

বিশ্বকাপের ক্যালেন্ডারে কিছু ম্যাচ থাকে, যেখানে বাঁশি বাজে মাঠে, কিন্তু প্রতিধ্বনি শুনা যায় ইতিহাসের পাতায়। আর্জেন্টিনা- ইংল্যান্ড ঠিক তেমনই এক মহারণ। ফকল্যান্ড যুূদ্বের স্মৃতি, ম্যারাডোনার জাদু, বিতর্ক আর প্রতিশোধ। এবার তাতে যোগ হয়েছে মেসির নতুন অধ্যায়। সব মিলিয়ে ম্যাচটি শুধু একটি সেমিফাইনাল নয়, ফুটবল ইতিহাসের আরেকটি মহাকাব্য রচনার মঞ্চ।

তুঙ্গস্পর্শী উত্তেজনা আর রোমাঞ্চের কাঁপন তুলে আজ রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা- ইংল্যান্ড। জিতলে ফাইনাল, হারলে বিদায়। এমন আবহ ছাপিয়েও থাকবে গৌরব, অহংকার আর ইতিহাসকে নতুন করে লেখার সুযোগও।

আর্জেন্টিনা- ইংল্যান্ডের এই প্রতিদ্বন্দ্বিতার শুরু ১৯৬৬ বিশ্বকাপ থেকে। কোয়ার্টার ফাইনালে ইংলিশদের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় ছিল আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও রাতিনকে দেখানো বিতর্কিত লাল কার্ড। আর্জেন্টিনার অনেকের বিশ্বাস, ওই লাল কার্ডই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিল। এমনকি ইংল্যান্ডের জয়সূচক গোল নিয়েও ছিল বিতর্ক। বেশিরভাগ আর্জেন্টাইন আজও সেই ম্যাচকে শতাব্দীর সেরা ডাকাতি বলেই মনে করেন। এরপর আসে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, যা আর্জেন্টিনায় মালভিনাস যুদ্ধ নামে পরিচিত।

দক্ষিণ আটলান্টিকের দ্বীপপুঞ্জ নিয়ে ওই সংঘাতে প্রাণ হারান ৬৪৯ জন আর্জেন্টাইন সেনা। ২৫৫ জন সেনা হারায় ব্রিটিশরা। যুদ্ধ সেই কবে শেষ হলেও দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওপর তাঁর ছায়া আজও রয়ে গেছে। এরপর ১৯৮৬ বিশ্বকাপের সেই আগুনে ম্যাচ। প্রথমে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড গোল! এরপর ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে করা সেই অবিশ্বাস্য গোল। যেটি স্বীকৃতি পেয়েছে গোল অব দ্য সেঞ্চুরি নামে।

আজ আটলান্টায় হয়ত ফিরে আসবে দুই দেশের চির বৈরিতার এসব খন্ড খন্ড ছবি। তবে লিওনেল মেসি, হ্যারি কেইনদের ৬৬, ৮২, ৮৬ খোঁজার সময় কই। তাঁদের সকল মনোযোগ তো থাকবে আজ আটলান্টার সবুজ ঘাসে। যেখানে খেলে, খেলিয়ে ম্যাচ জেতার তাড়না থাকবে। জিতলেই যে বিশ্বকাপ ট্রফিটার আরো কাছে চলে যাওয়া। হারলে আরো চার বছরের দীর্ঘশ্বাস। মেসির জন্য আজকের ম্যাচটা স্মরণীয় হয়ে থাকার কথা।

১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০৫টি ম্যাচ আর ১২৫ গোলের পরও মেসির কাছে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড এখনো অচেনা! ইংলিশ ক্লাব লিভারপুল, ম্যানইউ, ম্যানসিটি, চেলসি, আর্সেনালের মুখোমুখি হলেও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এই প্রথম মাঠে নামছেন মেসি! ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে রীতিমত উড়ছেন আর্জেন্টাইন অধিনায়ক। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি নিজে গোল করেছেন ৮টি। কিন্তু দল হিসেবে ভালো খেলছে না আর্জেন্টিনা।

গত তিন ম্যাচেই ভাগ্যের ছোঁয়ায় জিতে সেমিফাইনাল পর্যন্ত এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এতদিন প্রতিপক্ষ দলগুলোও তেমন শক্তিশালী ছিল না। সেই হিসেবে এবারের বিশ্বকাপে আজ আর্জেন্টিনার প্রথম বড় পরীক্ষা। ইংল্যান্ড সেখানে ব্যতিক্রম।

ক্রোয়েশিয়া, মেক্সিকো, নরওয়ের মতো দলের বিপক্ষে খেলে তাঁরা সেমিফাইনালে এসেছে। হ্যারি কেইন, জুড বেলিংহামরা আছেন দারুণ ছন্দে। দেখা যাক আজ কি হয়। ইংল্যান্ড জিতলে ৮৬’র সেই আগুনে ম্যাচের প্রতিশোধ, আর আর্জেন্টিনা জিতলে নিশ্চয়ই তাঁরা এই জয় উৎসর্গ করবে ১৯৬৬ বিশ্বকাপে তাঁদের অধিনায়ক রাত্তিনকে!

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১২