
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং ‘ভারতীয় আধিপত্যবাদ’ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য দেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন।
বক্তব্যে ছাত্রদল সভাপতি রাহাত জামান জুলাই আন্দোলনের সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরে দাবি করেন, সে সময় পুলিশ তাকে খুঁজতে তার বাসায় অভিযান চালিয়েছিল। তিনি বলেন, পরিস্থিতি ভিন্ন হলে হয়তো আজ তিনি এ মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতেন না।
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, “ডিসেম্বরে নাকি আপা আসবে। তোমরা সকলে প্রস্তুত আছো তো? আমরা সবাই রাজপথে নেমে হাসিনা সহ হাসিনার দোষরদের সবাইকে আমরা ফাঁসির মঞ্চে চড়াবো ইনশাআল্লাহ।”
অপরদিকে ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, “জুলাই আন্দোলনে কোনো দলীয় বিভাজন ছিল না; সকলের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশকে শেখ হাসিনার হাত থেকে মুক্ত করা এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা করা।”
তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনাকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে। তার ভাষায়, জুলাইয়ের শহীদ ও আহতরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নন; তারা দেশের স্বাধীনতা, মানুষের অধিকার এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে জীবন উৎসর্গ করেছেন।
তিনি আরও বলেন, আন্দোলনে আহত অনেকেই এখনো চিকিৎসাধীন এবং পঙ্গুত্বের শিকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। অথচ তাদের আত্মত্যাগ যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশে আবারও মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের পরিবেশ সংকুচিত হচ্ছে।
জুলাই আন্দোলনের চেতনা রক্ষায় প্রয়োজন হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়ে মাসুদ রানা তুহিন বলেন, “জুলাইকে ধারণ করার জন্য যদি আবারও আমাদের মাঠে নামতে হয়, আমরা মাঠে নামতে প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।”



