
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রুদ্র সেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাঁদের বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে পরিবারের জন্য আর্থিক সহায়তার বিষয়েও অবহিত করা হয়। তবে রুদ্র সেনের বোন জানান, পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং বিরূপ আবহাওয়ার কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আসা সম্ভব হচ্ছে না। তিনি সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয়ে আসার আগ্রহের কথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সুবিধাজনক সময়ে শহিদ রুদ্র সেনের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, রুদ্র সেনের আত্মত্যাগ জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অনন্য প্রেরণার উৎস। তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন রুদ্র সেনের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে রুদ্র সেনের স্মরণে ব্যানার টানানো হয়েছে। এছাড়া শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনে তাঁর স্মরণে প্রার্থনা সভা এবং বাদ এশা কেন্দ্রীয় মসজিদে জুলাইয়ের সব শহিদ, আহত যোদ্ধা এবং গত ১৭ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। ১৬ জুলাই পালিত জুলাই শহিদ দিবসের কর্মসূচিতেও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ ছাড়া রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিইপি বিভাগের পক্ষ থেকে কোনো কর্মসূচি গ্রহণ করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে বিভাগীয় প্রধানকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ হন রুদ্র সেন। তিনি শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। আন্দোলনে সম্মুখসারিতে থেকে সক্রিয় ভূমিকা রাখা এ শিক্ষার্থীর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এবং শাবিপ্রবি পরিবারের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।



